পটুয়াখালী সদর উপজেলায় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন দুজন। রবিবার (১৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন- হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বেরিয়ে সড়কে আসেন। এ সময় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখতে পান। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী আসছিলেন। পথে পটুয়াখালী সেতুর ঢালে তাদের বহনকারী পিকআপের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে তারা দুজন আহত হন। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে কাছের একটি ফিলিং স্টেশনে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























