কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার জেরে পাকিস্তানে পাল্টা হামলা শুরু করেছে ভারত। গতকাল মঙ্গলবার রাতে এই হামলা শুরু হয়। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগাময়ে জঙ্গি হামলার প্রতিবাদ জানানোয় খুনের হুমকি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এবার তিনি বললেন, পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে হামলার উচিত জবাব দিতে হবে।
একটি অনুষ্ঠানে গম্ভীরকে প্রশ্ন করা হয়, পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কি ক্রিকেট ম্যাচ হওয়ার উচিত? জবাবে গম্ভীর বলেন, ‘আমার ব্যক্তিগত জবাব- না। ক্রিকেট ম্যাচ, বলিউডের মুভি বা শিল্প-সংস্কৃতি, কোনোকিছুই দেশের মানুষ ও সেনাবাহিনীর জওয়ানদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তার মধ্যে ক্রিকেটও পড়ে। আমি সরকারের কাছে এই আবেদনই করব। উচিত জবাব দিতে হবে।’
কাশ্মীর হামলার পর আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবেদন করেছে যাতে, আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে যাতে না রাখা হয়। অর্থাৎ, শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, আইসিসি টুর্নামেন্টতেও পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারত। গম্ভীরও সেই দাবিই জানিয়েছেন। উল্লেখ্য, পেহেলগামে সেই জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























