আর্জেন্টিনার ফুটবলে ঘটল করুণ এক ঘটনা। ফুটবলার হিসেবে হাঁটুর অস্ত্রোপচার খুব সাধারণ একটি ঘটনা হলেও এতেই প্রাণ গেছে আর্জেন্টিনার তরুণ ফুটবলার কামিলো নুইনের জীবন।
আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমোতে খেলতেন নুইন। ক্লাবটি নিশ্চিত করেছে, হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন মিডফিল্ডার কামিলো নুইন। একদিনের জন্য ক্লাবের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ও শোক প্রকাশের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত, মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোটের চিকিৎসায় এই অস্ত্রোপচার করা হচ্ছিল নুইনের। তবে এই প্রক্রিয়ায় ১৮ বছর বয়সী এই ফুটবলার কীভাবে মারা গেলেন সেটি এখনো জানা যায়নি।
২০২২ সালে সান তেলমোতে নাম লিখিয়েছিলেন নুইন। আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও ফুটবল সংস্থাগুলি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























