রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে।
১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দুই দিন দোয়া মাহফিল, মানসিক প্রশমন ও কাউন্সেলিং সেশন আয়োজন করা হয়। আজ থেকে ধাপে ধাপে নিয়মিত ক্লাস চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে।
অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করা এখন আমাদের প্রধান লক্ষ্য। কাউকে জোর করে আনা হয়নি, অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধীরে ধীরে ক্লাস শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার দিন সরাসরি দেখেছেন এমন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক চাপ বেশি ছিল। তাদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন দেওয়া হচ্ছে, প্রয়োজনে একাধিক সেশনেরও ব্যবস্থা করা হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























