২০২৫-২৬ মৌসুম থেকে ইতালিয়ান লিগ (সিরি’আ) ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। রেফারিরা এখন থেকে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ভিএআরের সিদ্ধান্ত ঘোষণা করবেন। ইতালির ফুটবল ফেডারেশনের রেফারিং নিয়োগ কর্মকর্তা জিয়ানলুকা রোক্কি বিষয়টি নিশ্চিত করেন।
ভিএআর প্রযুক্তি রেফারিদের মাঠের সিদ্ধান্তের যথার্থতা আনার জন্য চালু করা হয়েছিল। তবে ব্যাখ্যার অভাব প্রায়ই সময়েই গ্যালারিতে থাকা দর্শক ও খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তাই সিরি আ’তে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে ভিএআরের সরাসরি ব্যাখ্যা দারুণ পদক্ষেপ।
ইতালির আগে এই ধরনের সরাসরি সিদ্ধান্ত ঘোষণার ব্যবস্থা ইংল্যান্ড ও জার্মানিসহ কয়েকটি ইউরোপিয়ান দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ফিফাও টুর্নামেন্টে এমনটি করে থাকে।
ইতালিতে রেফারিদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা একই রকম ভাষায় এবং আরও স্পষ্টভাবে সিদ্ধান্তগুলো ব্যাখ্যা করতে পারেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























