নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) অধ্যয়নরত একদল তরুণ। “ভালো খাবো, ভালো থাকবো” শীর্ষক এই সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে তারা পটুয়াখালীর দুমকী উপজেলার পীরতলা বাজার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেছেন।
‘পুষ্টিখামারি টিম’-এর নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের স্নাতক পর্যায়ের ছাত্র নাফিস উদ্দিন। সে ও তার সহযোদ্ধারা বাস্তব বাজার পরিস্থিতি, ভোক্তাদের অভ্যাস এবং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিকে একসূত্রে গাঁথার প্রয়াস চালান। ‘পুষ্টিখামারি টিম’ এর এই পুরো কার্যক্রমে সহযোগিতা করেছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN)।
ক্যাম্পেইনের প্রথম ধাপে পীরতলা বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন বিক্রেতার সঙ্গে কথা বলেন টিমের সদস্যরা। খাদ্য সংরক্ষণ পদ্ধতি, প্রিজারভেটিভ ও রাসায়নিক ব্যবহারের বাস্তব চিত্র এবং ব্যবসায়ীদের দৈনন্দিন চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা সংগ্রহ করা হয়। শুরুতে কেউ কেউ সংকোচ বোধ করলেও আলোচনার ধারাবাহিকতায় অনেক ব্যবসায়ী নিজেদের সীমাবদ্ধতা ও সমস্যার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য দোষারোপ নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা।
বাজারভিত্তিক কার্যক্রমের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা কার্যক্রম চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় মাঠ ও অন্যান্য উন্মুক্ত স্থানে ছোট গ্রুপ সেশন, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়।
উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশের শিক্ষার্থী প্রতিদিন পীরতলা বাজার থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। ফলে শিক্ষার্থীদের সচেতনতা বাড়লে পুরো বাজার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে—এই ধারণা থেকেই ক্যাম্পাসভিত্তিক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই উদ্যোগের অন্যতম শক্তি ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাজার ও ক্যাম্পাস—সব জায়গায় তারা সহজ ও বন্ধুভাবাপন্ন ভাষায় মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের বার্তা ছিল স্পষ্ট—নিরাপদ খাদ্য কোনো বিলাসিতা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার।
সংশ্লিষ্টরা মনে করেন, এই ধরনের মাঠপর্যায়ের সচেতনতামূলক উদ্যোগ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গল্প, অভিজ্ঞতা ও সরাসরি সংলাপের মাধ্যমে ধীরে ধীরে এগোলে একটি নিরাপদ ও সচেতন খাদ্যব্যবস্থার ভিত্তি গড়ে তোলা সম্ভব—পুষ্টিখামারি টিমের এই কার্যক্রম তারই বাস্তব উদাহরণ।

আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি: 

























