দুই হাজার ৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের জন্য ২১ তলা একাডেমিক ভবন, ১৫ তলা আইটি হাব, তৃতীয় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন, ৯টি হল, ৬টি একাডেমিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিক্যাল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলার মাঠ উন্নয়ন, জিমনেসিয়াম, জলাধার সংস্কার, রোড নেটওয়ার্ক ও পাবলিক টয়লেট নির্মাণ।
এ সময় উপাচার্য ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের ৪১টি উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন।
এ প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেওয়া শোকজ নোটিশের জবাব দিয়েছেন ৮৩ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। এসব জবাব শৃঙ্খলা পরিষদ ও সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রথমে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তী তদন্তে মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
এদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের বিষয়ে শোকজ নোটিশ জারি করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























