চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
স্থানীয়রা জানায়, রাসেল ও রিনা তাদের বাড়ির পাশে স্যালো মেশিনের জন্য রাস্তার পাশে স্থাপনকৃত বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। প্রথমে ছেলের শরীরে আগুন ধরে যায়, তাকে বাঁচাতে গিয়ে মা আমেনা বেগমও আহত হন। পরে ঘটনাস্থলেই তারা মারা যান।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো হস্তান্তর করা হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























