প্রকাশিত সময় :
০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
১৩
ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ তানিয়া চ্যাটার্জির মধ্যকার ব্যক্তিগত মেসেজ কেন্দ্রিক বিতর্ক এবার আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। তানিয়ার দাবি অনুযায়ী, চাহাল তাকে ‘কিউট’ বলে সম্বোধন করে যে মেসেজ দিয়েছিলেন, তা প্রকাশ করায় চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
ঘটনার শুরু তানিয়া চ্যাটার্জির একটি ভিডিও থেকে। সেখানে তিনি দাবি করেন, যুজবেন্দ্র চাহাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিকবার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একবার তাকে ‘কিউট’ বলে সম্বোধন করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
তানিয়া জানান, আইপিএল সংক্রান্ত একটি আলোচনায় অত্যন্ত সহজভাবে তিনি এই প্রশংসার কথা শেয়ার করেছিলেন। তার ভাষায়, “কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি কেবল বিষয়টি শেয়ার করেছিলাম কারণ আমি প্রশংসা পেতে পছন্দ করি।” তানিয়া অভিযোগ করেছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহালের ঘনিষ্ঠরা তাকে সেটি মুছে ফেলার অনুরোধ করেন। এর কিছুদিন পরই তিনি ইমেইলের মাধ্যমে মানহানির আইনি নোটিশ পান।
চাহালের এই পদক্ষেপে স্তম্ভিত তানিয়া বলেন, “যুজবেন্দ্র চাহাল আমাকে ইমেইলের মাধ্যমে মানহানির নোটিশ পাঠিয়েছেন। আমি একজন আইনজীবী নিয়োগ করেছি। তারা আমাকে মামলার অর্থের পরিমাণ প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। আমি কেবল উনার করা প্রশংসার কথা বলেছি, এতে কোনো ভুল করিনি।”
তানিয়া আরও দাবি করেন, তিনি দেশের প্রতি চাহালের অবদানকে সম্মান করেন এবং তার প্রশংসা করতেই বিষয়টি সামনে এনেছিলেন। অথচ এর ফলে তাকে ক্রমাগত অনলাইন ট্রোলিং ও আইনি জটিলতার শিকার হতে হচ্ছে।
এই কথিত আইনি পদক্ষেপ বা বিতর্ক নিয়ে যুজবেন্দ্র চাহাল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অন্তর্মুখী এই ক্রিকেটার বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন।
তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেত্রী এবং ডিজিটাল ক্রিয়েটর। তিনি মূলত ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘গান্ধী বাত সিজন ৪’, ‘জাল’ এবং ‘কাসাক’-এ অভিনয়ের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার বিশাল সংখ্যক অনুসারী রয়েছে।
এখন দেখার বিষয়, এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয় এবং ক্রিকেটার চাহাল শেষ পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেন কি না।