ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর সাম্প্রতিক হামলা, নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’ নীলফামারী জেলা কমিটির উদ্যোগে শহরের জিরো পয়েন্ট মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
আসক ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি আল-আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভারতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভাপতির বক্তব্যে আল-আমিন ইসলাম বলেন, “ভারতে নির্বিচারে মুসলমানদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন চালানো হচ্ছে, যা চরম মানবাধিকার লঙ্ঘন। এই পৈশাচিক বর্বরতা অবিলম্বে বন্ধ করা না হলে আমরা ভারতীয় হাইকমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করতে বাধ্য হব।”
সমাবেশে আসক ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, মানবতার প্রশ্নে নীরব থাকার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বক্তারা ভারতে সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন:
হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ
মোহাইমিনুর রহমান সানা
উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ
জলঢাকা জার্নalist ইউনিয়নের সভাপতি মাহমুদুল আল হাসান
সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) 























