বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রথিতযশা শিক্ষক অধ্যাপক ড. একরামুল হক। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়। তিনি বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অধ্যাপক বদরুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুয়েট অধ্যাদেশ অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
অধ্যাপক ড. একরামুল হকের শিক্ষাজীবন ও পেশাগত ক্যারিয়ার অত্যন্ত গৌরবোজ্জ্বল। ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের সময় তিনি অনার্সে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ওই বছরই বুয়েটে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবনের সূচনা হয়। দীর্ঘ এই পথচলায় তিনি ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন।
গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই প্রকৌশলী ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কুমিল্লার কৃতি সন্তান ড. একরামুল হক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৪তম এবং ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেছিলেন। যোগ্য ও অভিজ্ঞ এই শিক্ষাবিদের নেতৃত্বে বুয়েট শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























