শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন অর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক মামুন অর রশিদকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক মামুন অর রশিদ এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে গত বছরের ১৩ মে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে শুচিতা শরমিন, সহ-উপাচার্য গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ মামুন অর রশিদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে প্রথমে অন্তর্বর্তী এবং পরে পূর্ণকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সম্প্রতি পদোন্নতি সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত সোমবার থেকে তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন এবং উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ দাবি করেন।
চার দিন ধরে চলা এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য তৌফিক আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যক্রম সচল করার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
আন্দোলনরত শিক্ষকদের কয়েকজন জানিয়েছেন, নতুন উপাচার্য নিয়োগের খবর তাঁরা জেনেছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে বলে জানান তাঁরা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























