কয়েক দিন ধরেই মার্তিনেজের চোট নিয়ে উদ্বেগ ছিল আর্জেন্টিনা শিবিরে। তবে সাম্প্রতিক মেডিক্যাল পরীক্ষার পর সেই শঙ্কা দূর হয়েছে। চিকিৎসকরা তাকে খেলার জন্য সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন এবং দলীয় মেডিক্যাল স্টাফও মাঠে নামার অনুমতি দিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আঙুলের চোট থেকে দ্রুত সেরে উঠেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। পরীক্ষার ফল ইতিবাচক আসায় বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছে কোচিং স্টাফ।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। নকআউট পর্বে তার অসাধারণ সেভ এবং টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দলকে বিশ্বকাপ জিততে বড় ভূমিকা রেখেছিল। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অবদান এখনো আর্জেন্টাইন সমর্থকদের স্মৃতিতে অমলিন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























