বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের অর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ দেখতে যাওয়ার পথে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল পানির ট্যাংকির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় শাজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়া আরাফাতের বাড়ি গাজীপুর জেলার নিশাত নগর থানার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোহাম্মাদ লুৎফুর রহমান। বর্তমানে মগবাজারের মধুবাগে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
আরাফাতের মা সুলতানা আক্তার বলেন, “আমার ছেলে রাতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল। ফকিরাপুল দিয়ে যাওয়ার সময় একজন পথচারীর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই পথচারী আহত হন এবং আমার ছেলের মাথা ও শরীরে গভীর ক্ষত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহম্মাদ ফারুক বলেন, “মরদেহ ঢাক মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























