২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের স্বপ্ন থেমে গেল গ্রুপ পর্বেই। মেক্সিকোর গুয়াদালাহারায় স্পেনের বিপক্ষে ১–০ গোলের পরাজয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নিল টুর্নামেন্ট থেকে। টানা দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হলো লা সেলেস্তেরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একি পরিণতি হয়েছল তাদের।
এইচ গ্রুপের এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথমার্ধের ৪২ মিনিটে। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার একটি বড় ভুলকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। সেই গোলই শেষ পর্যন্ত উরুগুয়েক বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

মুসলেরার ভুলের শাস্তি দিতেও দেরি করেননি উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময়ই অভিজ্ঞ এই গোলরক্ষককে মাঠ থেকে তুলে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে মরিয়া চেষ্টা চালালেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে হতাশার সঙ্গেই শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান।গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকান দেশটি প্রথমবারের মতো নিশ্চিত করে শেষ ৩২-এর টিকিট। নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী আর্জেন্টিনা।উরুগুয়ের হতাশা আরও বেড়ে যায় ম্যাচের শেষ দিকে। আগুস্তিন কানোবিও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে লাল কার্ড দেখেন। তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তার উত্তপ্ত আচরণ ভবিষ্যতে অতিরিক্ত শাস্তির কারণও হতে পারে।
এই বিশ্বকাপে উরুগুয়ের বিদায় শুধু একটি ম্যাচে হারের গল্প নয়; এটি প্রশ্ন তুলে দিচ্ছে পুরো দলের পারফরম্যান্স, কৌশল এবং পরিকল্পনা নিয়ে। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দেশটির ফুটবল অঙ্গনে দল নির্বাচন, কোচিং দর্শন এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হওয়াটা এখন সময়ের অপেক্ষা।
অন্যদিকে স্পেন আত্মবিশ্বাসী পারফরম্যান্সে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে পা রাখল, আর উরুগুয়ের জন্য বিশ্বকাপ ২০২৬ শেষ হলো আরেকটি অপূর্ণ প্রত্যাশার গল্প হয়ে। ৪৮ দলের বিশ্বকাপের প্রথম রাউন্ডে সেরা ৩২-এ’ও জায়গা হলো না দলটির। অথচ দুইবারের চ্যাম্পিয়ন তারা!

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























