বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। মাঠের লড়াই শুরুর আগেই দুই দল জেনে যাবে নকআউটের সূচি কেমন হতে যাচ্ছে। সমীকরণ বলছে, এই ম্যাচে জিতে গ্রুপ রানার্সআপ (দ্বিতীয়) হলে শেষ ষোলোতে মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের, যারা কি না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। অন্যদিকে, ম্যাচ ড্র হলে রানার্সআপ নির্ধারণের হিসাব থাকবে, তবে কোনো দল যদি তৃতীয় হয়ে পরের রাউন্ডে যায়, তবে তাদের প্রতিপক্ষ হবে তুলনামূলক সহজ দল সুইজারল্যান্ড
একই সুর আলজেরিয়ার ডাগআউটেও। দলটির কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেন, “ফুটবলে ‘যদি-কিন্তু’র কোনো জায়গা নেই। আমাদের সবসময় জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামতে হবে। ম্যাচের পর কী সমীকরণ দাঁড়াবে, তা পরেই দেখা যাবে।” অস্ট্রিয়ান মিডফিল্ডার কনরাড লাইমারও কোচের সুরে সুর মিলিয়ে জানিয়েছেন, প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে তাঁরা জয়ের জন্যই লড়বেন।
এই ম্যাচের আবহ অবশ্য ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৯৮২ সালের বিশ্বকাপে। স্পেনের গিহন শহরের সেই ম্যাচে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া এমন এক ‘লজ্জাজনক’ সমঝতার ম্যাচ খেলেছিল, যার ফলে দারুণ খেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আলজেরিয়া। ফুটবলের ইতিহাসে ওই ম্যাচটি ‘গিহনের কলঙ্ক’ নামে পরিচিত। সেই কুখ্যাত ঘটনার পর থেকেই গ্রুপের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম চালু করে ফিফা।
উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজেদের আগের ম্যাচগুলোতে অস্ট্রিয়া ও আলজেরিয়া দুই দলই আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল এবং জর্ডানকে হারিয়ে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। জর্ডান ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় আজ দুই দলের সামনেই সুযোগ নকআউটের টিকিট কাটার।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 

























