প্রকাশিত সময় :
০৬:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৬
নকআউট পর্বের নিজেদের প্রথম ম্যাচ খেলতে ফ্লোরিডার উদ্দেশে রওনা দিয়েছে আর্জেন্টিনা দল। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিমানবন্দরে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো দলকে তল্লাশি করা হয়—এর বাইরে ছিলেন না লিওনেল মেসিও।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপের বেস ক্যাম্প রয়েছে। পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম, যেখানে তারা কেপ ভার্দের মুখোমুখি হবে।
এই ম্যাচ খেলতে মিসৌরি থেকে বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা চেকের অংশ হিসেবেই খেলোয়াড়দের তল্লাশি করা হয়, যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপে দেখা যায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা নিজেদের লাগেজ নিরাপত্তাকর্মীদের কাছে জমা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এ সময় মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করা হয়।
আরেকটি অংশে রদ্রিগো ডি পলকে তল্লাশির সময় কোনো কারণে মেসিকে হাসতে দেখা যায়, যা ভিডিওতে আলাদা করে নজর কাড়ে।
এদিকে এবারের আসরে কেপ ভার্দে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছে। তিন ম্যাচে তারা এখনো অপরাজিত, যদিও জয় পায়নি। সবচেয়ে ছোট দেশ হিসেবে তারা নকআউটে উঠেছে, যা আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বাংলাদেশ সময় অনুযায়ী, দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়।