নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো–ফুফাতো বোন।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া। তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে শিশুরা। দীর্ঘ সময় পার হলেও তাদের দেখা না গেলে পরিবারের এক ছোট সদস্য বিষয়টি জানায়। পরে শিশুদের স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চর আহমদপুরের পরিবেশ।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক : 























