সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরদিন মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) ও সুবিনা আক্তার লাকী (২০)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার ১১ নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























