কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলার শাকদহ চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির হোসেন ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আমন মৌসুমে ধানের চারা ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করতে অনেক কৃষক জমিতে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করেন। শাকদহ চর এলাকার নজুহারের ছেলে মজেদ তার ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
রাতে বা ভোরের কোনো একসময় পাশের বাটুপাড়া গ্রামের দক্ষিণ দিকের জমির আইল দিয়ে বাড়ি ফিরছিলেন সাব্বির। অন্ধকারে হাঁটার সময় অসাবধানতাবশত ওই জমিতে পেতে রাখা অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জমির আইলের পাশে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, ফসল রক্ষার জন্য এভাবে উন্মুক্ত বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা সম্পূর্ণ বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ফসল রক্ষার নামে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখায় প্রায়ই পথচারীসহ নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির দাবি জানিয়েছেন তারা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























