১৮ বছর বয়সে প্রথমবারের মতো যে নীল-সাদা জার্সিটি গায়ে চাপিয়েছিলেন, ৩৯ বছর বয়সে এসে সেটি তুলে রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলের মহাতারকাকে এক স্মরণীয় ও জমকালো বিদায় জানাতে আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এই ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পর্দা নামতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রূপকথার মতো ‘মেসি অধ্যায়’। বুয়েনস এইরেসের ৮৫ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি যে প্রিয় নায়ককে বিদায় জানাতে কানায় কানায় পূর্ণ থাকবে, তা বলাইবাহুল্য।
এ ছাড়া ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের যেসব সদস্য ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, তারাও মাঠের গ্যালারিতে কিংবা উপস্থিত থেকে আন্তর্জাতিক মঞ্চে মেসির শেষ নাচের সাক্ষী হতে যাচ্ছেন।
আর্জেন্টাইন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভৌগোলিক সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের জন্য মেসির এই ঐতিহাসিক শেষ ম্যাচটি সরাসরি দেখা বেশ কষ্টসাধ্য হবে। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে জাগতে হবে তাদের।
বুয়েনস এইরেসে যখন বাঁশি বাজবে, তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় সময় হবে বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টা। খেলার সূচি মেনে খুব ভোরে ঘুম থেকে উঠলেও বাংলাদেশিদের জন্য ম্যাচটি সরাসরি দেখা হবে এক চরম সংগ্রামের বিষয়। কারণ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা স্থানীয় স্যাটেলাইট নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না।
তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম বা মিডিয়া অ্যাপ ‘জি-ফাইভ’-এর সাবস্ক্রিপশন থাকলে সহজে ম্যাচটি উপভোগ করা সম্ভব হবে, কারণ ভারতীয় উপমহাদেশে কেবল এই অ্যাপেই ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর করে বাংলাদেশি ভক্তরা ম্যাচটি দেখার সুযোগ পাবেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























