ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সারা দেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় অঞ্চলসহ রাজধানীতে গতকাল রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় গতকাল বিকেল থেকে একটানা বৃষ্টি ঝরছে।
যার ফলে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে এখনো শুরু হয়নি তৃতীয় দিনের খেলা।
দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। সময়ের হিসেবে প্রায় ৩০ মিনিট। তাতেই শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। সকাল থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিকেলে আসে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা।
ঢাকা টেস্টে এখন পর্যন্ত ব্যাটার-বোলাররা নয়, মিরপুরে দাপট দেখাচ্ছে বৃষ্টি। সম্ভবত তার পেটেই যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃষ্টির কারণে ঢাকা টেস্টের ভাগ্য নির্ধারিত হতে পারে ড্রয়ে। তৃতীয়দিন খেলা না হলে সেই সম্ভাবনায় থাকছে। তাতে অবশ্য লাভ পাকিস্তানের। চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটি বলও হয়নি। মধ্যাহ্নভোজের পর শুরু হয় খেলা। খালেদ আহমেদের করা প্রথম বলেই চার মেরে দিন শুরু করেন বাবর আজম। কিন্তু বেরসিক বৃষ্টি বাগড়া দেয় ফের।
মাঠ ছাড়ার আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮৮ রান করে পাকিস্তান। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক বাবর (৭১) ও আজহার আলী (৫২)।
৬০ রানে দ্বিতীয়দিন শুরু করেন বাবর। আজহার আলী নামেন ৩৬ রান নিয়ে। তার মধ্যে ইনিংসের ৬৭তম ইনিংসের শেষ বলে এবাদত হোসেনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেন তিনি।
প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করে। বাংলাদেশের হয়ে আগেরদিন উইকেট দুটি নেন স্পিনার তাইজুল ইসলাম।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























