ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে পরীক্ষা শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন পরীক্ষার্থীরা। তাঁদের অবরোধের কারণে মিরপুর সড়ক ও মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রগুলোতে সমন্বয়ের অভাব ছিল। কোনো কোনো কেন্দ্রে পরীক্ষার্থীদের খাতা দেওয়া হলেও প্রশ্নপত্র দেওয়ার আগেই পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়। আবার কিছু কেন্দ্রে প্রশ্নপত্র পাওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু করেছিলেন বলেও দাবি করেন তাঁরা।
বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেন জানান, সারা রাত বাসে ভ্রমণ করে সকালে ঢাকায় পৌঁছান তিনি। নানা ভোগান্তি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিলেও খাতা দেওয়ার পর প্রশ্নপত্র পাওয়ার আগেই তাঁদের কেন্দ্র ছেড়ে চলে যেতে বলা হয়।
আন্দোলনরত পরীক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলো হলো—প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা আয়োজন করা।
দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তাঁদের দাবিগুলো শোনা হচ্ছে এবং আন্দোলনের বাইরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























