শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকছে। এ ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। ফলে অন্যান্য কর্মদিবসের মতোই চলবে ব্যাংকিং লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের পাশাপাশি একই সময়ে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনের সংশ্লিষ্টতা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর এলাকায় সীমিত ব্যাংকিং সেবা চালু
দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে, পূজার ছুটিতেও দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

রিপোর্টারের নাম 
























