অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের আদালত। বারবার আদালতে হাজির না হওয়ায় শুক্রবার (১৬ অক্টোবর) তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সরকারি আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে পিটিআই জানায়, ঝাঁসির ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। জেলা সরকারি আইনজীবী (ফৌজদারি) মৃদুল কান্ত শ্রীবাস্তব বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি ঝাঁসির হানসারি প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ আহিরওয়ারের মৃত্যু কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, ২০১০ সালের ১০ নভেম্বর তিনি আত্মহত্যা করেন। এর আগে ওই বছরের অক্টোবরে রাখি সাওয়ান্তের টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
লক্ষ্মণের মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, টেলিভিশন অনুষ্ঠানের একটি পর্বে রাখি সাওয়ান্ত তাঁর ছেলের উদ্দেশে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। এর জেরেই তাঁর ছেলে আত্মহত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, দাম্পত্য কলহের কারণে লক্ষ্মণ আহিরওয়ার ও তাঁর স্ত্রী অনিতাকে ওই টেলিভিশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনিতা রাজগড়ের বাসিন্দা ছিলেন। দাম্পত্য বিরোধের পর তিনি বাবার বাড়িতে ফিরে যান।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। তবে এ মামলায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















