বলিউডে নারীপ্রধান সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে অনিশ্চয়তা থাকায় নারী অভিনেতাদের অনেক সময় পুরুষপ্রধান সিনেমায় কাজ করতে হয় বলে মনে করেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের সিনেমা অন্তত ভালো উদ্বোধনী আয় করতে পারে, এমন আশা করা যায়। কিন্তু, অন্য নারী অভিনেতাদের সিনেমার ক্ষেত্রে সেই নিশ্চয়তা নেই।
সম্প্রতি নিজের নতুন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে গিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা।
প্রেক্ষাগৃহ নাকি ওটিটি, কোনটিকে বেছে নেন রাধিকা?
রাধিকার সাম্প্রতিক কয়েকটি কাজ—‘লাস্ট স্টোরিজ থ্রি’, ‘সালি মহব্বত’, ‘মিসেস আন্ডারকভার’ ও ‘মনিকা, ও মাই ডার্লিং’ সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। তবে, অভিনেত্রী জানিয়েছেন, কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে সেই বিবেচনায় তিনি কাজ বেছে নেন না।
রাধিকা বলেন, “সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে—তা দেখে আমি কোনো কাজ বেছে নিই না। বিষয়টি নিয়ে আমি আসলে খুব একটা ভাবি না। এর সঙ্গে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত। আমি বরং চাই, কোনো না কোনোভাবে সিনেমাটি মুক্তি পাক।”
‘আমাকে পুরুষপ্রধান সিনেমায় কাজ করতে হয়’
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে অনিশ্চয়তার কারণে নারী অভিনেতাদের পুরুষপ্রধান সিনেমায় কাজ করতে হয় বলে মনে করেন রাধিকা। তার ভাষায়, “গত কয়েক বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না, কোনটি কাজ করছে আর কোনটি করছে না। আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি; এমন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে, সেটি সেরা সিনেমা হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে।”
এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “সাধারণভাবে আমার ক্ষেত্রে এমন নয় যে আমি আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো, যাদের সিনেমা মুক্তির প্রথম দিন অন্তত ভালো ব্যবসা করবে বলে আশা করা যায়। আমি আপনার সঙ্গে একেবারেই খোলাখুলি কথা বলছি। এর অর্থ হলো, আমাকে এমন সিনেমায় কাজ করতে হয়, যেখানে পুরুষ চরিত্রগুলোই মূল ভূমিকায় থাকে।”
আলিয়া-দীপিকার বক্স অফিস সাফল্য কেমন
রাধিকা আলিয়া ও দীপিকার নাম উল্লেখ করলেও সাম্প্রতিক সময়ে তাদের দুজনের কেউই এককভাবে অভিনীত সিনেমায় বড় বক্স অফিস সাফল্য পাননি। ২০২২ সালে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ হিন্দি সিনেমার অন্যতম সফল নারীপ্রধান সিনেমার তালিকায় রয়েছে। তবে, এরপর এককভাবে অভিনীত ‘জিগরা’ ও ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
অন্যদিকে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ছপাক’-এর পর দীপিকাকে এককভাবে প্রধান চরিত্রে অভিনয় করা কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমায় দেখা যায়নি।
তবে, দুজনই অন্য তারকাদের নেতৃত্বে নির্মিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। আলিয়া অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘আরআরআর’-এ। দুটি সিনেমাই ভালো ব্যবসা করেছে। বক্স অফিসে তার সর্বশেষ সফল সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিংয়ের সঙ্গে সমানভাবে সাফল্যের ভাগীদার হয়েছেন তিনি।
একইভাবে, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। পরে প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন ‘কল্কি ২৮৯৮ এডি’তে। তিনটি সিনেমাই বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
নতুন সিরিজ ‘আক্কা’ নিয়ে ব্যস্ত রাধিকা
রাধিকা আপ্তেকে এবার দেখা যাবে আশির দশকের পটভূমিতে নির্মিত গ্যাংস্টারধর্মী সিরিজ ‘আক্কা’তে। এতে তার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সিরিজটি আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
* হিন্দুস্তান টাইমস অবলম্বনে

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























