পুরস্কার মানে শুধু অর্জনের আনন্দ নয়, অভিনয়শিল্পীর কাছে নিজের কাজের প্রতি দর্শকের ভালোবাসা ও স্বীকৃতিও। সেই স্বীকৃতিই যেন নতুন করে পথ চলার সাহস জোগাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে।
পরপর দুটি পুরস্কার অর্জনের আনন্দের মধ্যেই নিজের আগামী দিনের লক্ষ্যও স্পষ্ট করেছেন তিনি। ভালো গল্প, অর্থবহ চরিত্র আর অভিনয়ের সুযোগ রয়েছে—এমন কাজেই নিজেকে ব্যস্ত রাখতে চান এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরেও তার জীবনে যুক্ত হয়েছে নতুন পরিচয়। ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি। অভিনয় ও করপোরেট জীবনের এই দুই ভিন্ন অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যেতে চান তমা। সম্প্রতি ‘আমলনামা’ ওয়েব ফিল্মের জন্য দ্য ডেইলি স্টার-ব্লেন্ডার্স চয়েস ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন তমা মির্জা। এর এক দিন পরই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডেও পুরস্কার অর্জন করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে দুটি স্বীকৃতি তার অভিনয়জীবনে যোগ করেছে নতুন মাত্রা। ‘আমলনামা’ নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া এবং পুরস্কারের স্বীকৃতি—দুটিই উপভোগ করছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, “‘আমলনামা’র জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক খুশি আমি। যারা কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে খুব প্রশংসা ও ইতিবাচক মন্তব্য পেয়েছি। চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ ছিল। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ ছিল এটি।”
অভিনয় ও ব্যাংকের চাকরি, দুটি ভিন্ন জগতের সঙ্গে নিজেকে যুক্ত রেখে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তমার। একদিকে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করা, অন্যদিকে পেশাগত জীবনে নতুন পরিচয়কে প্রতিষ্ঠিত করা— দুই ক্ষেত্রেই নিজের মতো করে জায়গা তৈরি করতে চান তিনি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















