বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি নানা কারণে যেমন আলোচনায় থাকেন, তেমনি থাকেন সমালোচনায়। কিছুদিন আগে ২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় জড়িয়েছিলেন তিনি। আইনি পথেই এগোচ্ছিল মামলাটি। তবে যথাসময়ে আদালতে হাজিরা না দেওয়ায় ফের বিপাকে পড়েছেন নোরা ফাতেহি।
সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তিনি এই আদেশ অমান্য করেন। আর সেজন্যই তার বিপাকে পড়া।
জানা গেছে, নোরার অনুপস্থিতির কারণে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে সমন জারি করা হয়েছে। শুধু তাই নয়, ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
তবে নোরার আইনজীবীদের দাবি, অল্প সময়ের নোটিশে সমন পাওয়ার পাশাপাশি আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তি থাকায় ওইদিন তার আদালতে উপস্থিত থাকা সম্ভব হয়নি। এ কারণে হাজিরা মওকুফের আবেদন জানান তারা।
কিন্তু আদালত জানায়, এ দাবি পূরণ করা সম্ভব নয়। আরও জানায়, আদালতকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যে কারণে এই মামলায় পুনরায় বিপাকে পড়লেন নোরা ফাতেহি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















