পুনর্মিলনী উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের আয়োজন করা হয়। পরদিন শুক্রবার ফিতা কাটা ও কবুতর উড়িয়ে মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।
অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয় প্রথম অ্যালামনাই পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়কের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি বিভাগের প্রধান। তার অব্যাহত সহযোগিতা, উচ্চশিক্ষা প্রসারে দূরদর্শী চিন্তা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তার পক্ষ থেকে নির্বাহী পরিচালক সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা তুলে ধরেন। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। অধ্যাপক মো. শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অধিবেশন শেষ হয়।
মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা পর্ব। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

রায়হান রোহানঃ 























