গাজীপুরে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। এসব তথ্য যাচাই করে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ।
জিএমপি কমিশনার জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। এ কারণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পনা অনুযায়ী রাস্তায় নামতে পারেনি। মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।
নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে, জানিয়ে তিনি বলেন, “পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নির্দেশনা দেওয়া এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।”
শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক সাঈদ বলেন, “পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি আলাদা। শ্রমিকদের দাবি ও নাশকতামূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই।” গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি তার।
এর আগে, আজ সকালে জিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
এদিকে, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বাসন থানা পুলিশ ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকার (৩৩) ও তার সহযোগী মো. আপনকে (১৮) গ্রেপ্তার করেছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গাড়িটিতে থাকা দুজন ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘোরাফেরার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে মাহিম (১৯) নামে আরও একজন ছিলেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলভর্তি বোতল জব্দ করেছে।
জিএমপি কমিশনার জানিয়েছেন, নাশকতার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থদাতাদের বিষয়ে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























