মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। তার ওপরে পরেছেন হালকা ক্রিম রঙের সুতির বেসবল ক্যাপ। গলায় সোনালি রঙের চিকন চেইন। তাতে ঝুলছে লাল রঙের স্ট্রবেরি টাইপের লকেট। পরনে স্ট্রাইপড ফ্লোরাল ব্রালেট টপ। তার উপরে কমলা রঙের নিটেড কার্ডিগান। বেসবল ক্যাপের ছায়ার নিচ থেকে সরাসরি ক্যামেরার লেন্সে থেমেছে চোখ। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী লুক নিঃসন্দেহে নজরকাড়া।
ঢাকাই সিনেমার প্রযোজক আরশাদ আদনান তার ফেসবুকে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ‘কবীর সিং’ নায়িকার এমন লুক দেখা যায়। এসবের মাঝে প্রযোজকের ক্যাপশন আলোচনার জন্ম দিয়েছে। ‘প্রিয়তমা’খ্যাত এ প্রযোজক লিখেছেন, “নেক্সট”। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে—ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কিয়ারা।
নেটিজেনদের একাংশের দাবি—শাকিব খানের ‘মহব্বত’ সিনেমায় অভিনয় করবেন কিয়ারা আদভানি। শাকিব খানকে নিয়ে এ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘মহব্বত’ না কি ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় দেখা যাবে কিয়ারাকে, তা অবশ্য নিশ্চিত করেননি আরশাদ আদনান।
‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশ কজন পাকিস্তানি অভিনেত্রীর নাম নিয়েও চর্চা হয়। তারা হলেন, হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী, দুর-ই-ফিশান সেলিম ও কিনজা হাশমী। এর আগে শোনা যায়, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন কিনজা হাশমী। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলেন কিয়ারা আদভানি।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।
২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রাখেন কিয়ারা আদভানি। পরের বছরই ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। পরবর্তীতে ‘ভারত আনে নেনে’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘শাহেনশাহ’, ‘ভুল ভুলাইয়া’, ‘গেম চেঞ্জার’, ‘টক্সিক’ প্রভৃতি সিনেমা উপহার দিয়ে দর্শকদের চমকে দেন এই অভিনেত্রী।
কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন। প্রথম সন্তান জন্মের এক বছর পর অর্থাৎ গত অক্টোবরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এ সময়েও বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নিচ্ছেন কিয়ারা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















