মাসব্যাপী রোজা রাখার পর ঈদ উদযাপন করছেন মুসলমানরা। মঙ্গলবার সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট সম্প্রদায়।
বিশেষ দিনে শান্তি, ভালোবাসা ও আলো কামনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, ‘পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও আলো। ঈদ মোবারক।’ আইপিএলে খেলতে ভারতে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। বায়ো-বাবলের মধ্যে থেকে সাধ্যমতো ঈদ উদযাপন করছেন তিনি। গুজরাট টাইটান্স তারকার টুইট, ‘বায়ো-বাবল থেকে ঈদ মোবারক। আশা করি আপনারা আপনাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন যেমনটা আমরা গুজরাট টাইটান্সের সঙ্গে করছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের প্রাচুর্য দান করুক।’
ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুলও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লিখেছেন, ‘ঈদ উপলক্ষে সবাইকে শুভ কামনা। সর্বশক্তিমানের আশীর্বাদ সবার সঙ্গে থাকুক। ঈদ মোবারক।’
সাবেক ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের শুভেচ্ছা বার্তা, ‘ঈদ উল ফিতর হলো ঐক্যের উৎসব। আল্লাহ আপনাদের ও আপনাদের পরিবারকে ভালোবাসা ও শান্তিতে রাখুন।’
সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি, ‘পবিত্র ঈদ উল ফিতরের দিনে আপনাদের ও আপনাদের পরিবারকে শুভ কামনা জানাই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ঈদ মোবারক।’
পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘সবাইকে ঈদ মোবারক। নিজের চারপাশে তাকাতে ও আমাদের প্রয়োজনে সাহায্য করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের রোজ কবুল করুন এবং আমাদের সবাইকে উত্তম মুসলিম বানিয়ে দিন। আমিন।’
ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারও ঈদ শুভেচ্ছা জানালেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও সমৃদ্ধি। আপনার ও আপনাদের পরিবারকে ঈদ উল ফিতর মোবারক।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























