ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১০ মাস নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শহীদুল ইসলাম। এই সময়ে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকতে হবে তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদুলের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত মার্চে সংগৃহীত শহীদুলের নমুনায় নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে আইসিসি। এই অপরাধে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন শহীদুল। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আরও জানায়, অন্য চিকিৎসা নিতে গিয়ে শহীদুল অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ পদার্থটি সেবন করেছিলেন।
কর্মক্ষমতা বৃদ্ধির জন্য নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেননি বলে আইসিসিকে জানিয়েছেন শহীদুল। গত মে মাস থেকে তাঁর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা শুরু হয়। আগামী বছরের ২৮ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এখন পর্যন্ত একটি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ পেসার। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটি খেলেন শহীদুল।
ম্যাচ খেলার সুযোগ না পেলেও অনেক দিন ধরে জাতীয় দলের সঙ্গে ছিলেন শহীদুল। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি। মিরপুরে অনুশীলন করতে গিয়ে তাঁর পাঁজরের পেশিতে টান পড়ে স্কোয়াড থেকে ছিটকে পড়েন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























