এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে উন্মোচিত হয়েছে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি। গতকাল শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির ডিজাইন উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে জামদানি, রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজ রঙের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ, রয়েছে জলছাপ। বুকের বাঁ পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে লেখা দেশের নাম।
জার্সি প্রকাশের দিনে বাংলাদেশ দল বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের উদ্দেশে উড়াল দিচ্ছে। প্রথম গন্তব্য নিউজিল্যান্ড হলেও সোহানদের এটি বিশ্বকাপযাত্রা। কারণ নিউজিল্যান্ডে খেলা শেষ করে সোজা বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ক্রিকেটাররা। আইসিসির প্রটোকল অনুযায়ীও বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা এটি।
বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বের সুপার টুয়েলভে খেলবে। যেখানে মোট ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর এবারের বিশ্বমঞ্চে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























