চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ আঞ্চলিক সড়কের ফলিমারির বিলে গণডাকাতির ঘটনায় ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হল, ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), মহসীন আলীর ছেলে লাল্টু মিয়া (৩৪), ইউসুফ আলীর ছেলে আবদুল জাব্বার (২২), আব্দুস শুকুর আলীর ছেলে মোকলেশুর রহমান (৪৮)।
সংবাদ সম্মেললে র্যাব জানায়, ডাকাতির সময় একজন বাসের চালক ডাকাত আনোয়ারকে চিনতে সক্ষম হয়। সে সূত্র ধরে বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ভোলাহাট থানাতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার কাজে অভিযান চলমান আছে বলেও জানাও র্যাব।
উল্লেখ্য, সোমবার (২৩ আগস্ট) ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, সাথী এন্টারপ্রাইজ, জমজম এন্টারপ্রাইজ, আমভর্তি ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ ৩০-৩২টি পরিবহনের গতিরোধ করে গণডাকাতির ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক: 
























