বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল থেকে নয়জন শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাদের একজন পালিয়ে এসে স্বজনদের জানালে স্থানীয়দের সহযোগিতায় বাকি শিশুদের উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ বিষয়ে গতকাল সোমবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুরা হলো মামুন (১২), ওমর ফারুক (১২), সীমান্ত (১১), হান্নান (১৩), সুমন (১২), সাব্বির (১২), সিয়াম (১১), ফয়সাল (১৩) ও রিফাত (১২)।
ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের গতকাল সকাল ৯টার দিকে মহিপুর পিসি ভাটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেবসহ কয়েকজন জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে নয় মাইল এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের জিম্মি করে রাখা হয়। পরে বেলা ৩টার দিকে রিফাত নামের এক শিশু শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে বাড়িতে চলে আসে এবং স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে অন্য শিশুদের পরিবারের লোকজন গিয়ে জিম্মিদশা থেকে সব শিশুকে উদ্ধার করেন।
ভুক্তভোগী এক শিশুর মা ফেন্সি বেগম বলেন, ‘ছেলেটি হাপাতে হাপাতে বাড়িতে এসে ঘটনাটি আমাদের জানায়। আমরা দ্রুত অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করি।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























