হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ভিওআইপি ফোন কল কার্ডসহ হাসান আলী নামের একজনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-ঊল আহসান এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদ-ঊল আহসান জানান, এয়ার এরাবিয়ার থ্রিএল-০০৬ ফ্লাইটের বোর্ডিংয়ের নিরাপত্তা তল্লাশির সময় তিনি হাজার পিচ ভিওআইপি কল কার্ডসহ হাসান আলীকে আটক করে এভসেক সদস্য রেজাউল। পরবর্তীতে এসব ভিওআইপি কল কার্ডসহ ওই যাত্রীকে কাস্টমসের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব ভিওআইপি প্রতিটি কল কার্ডের মূল্য ১০ ডলার। জব্দকৃত ভিওআইপি কল কার্ডের মোট মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।- ডেল্টা টাইমস্

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























