বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএলের অভিষেক আসরেই হয়েছিলেন ‘ইমার্জিং প্লেয়ার’। এরপর ২০২১ আসর ছাড়া বাকি চারবার ছিলেন নিজের ছায়া হয়ে। চেন্নাইয়ের মাঠ চিপকের উইকেট-আবহাওয়ার ধরনে বাংলাদেশের বাঁহাতি পেসারের সম্ভাব্য কার্যকারিতার কথা ভেবে আগে থেকে তার দিকে নজর ছিল চেন্নাই সুপার কিংসের। এবারের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে টানে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিংবদন্তি পিয়ানো সুরস্রষ্টা মোজার্টের নামের সঙ্গে মিলিয়ে ফিজকে স্বাগত জানাতে চেন্নাই লিখেছিল, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান (মোস্তাফিজুর রহমান)।’ চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো ফিজকে ‘অভিজ্ঞ এবং বিশ্বমানের’ আখ্যা দেন।
সেই আস্থার প্রতিদান এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে নিজের প্রথম ওভারেই দেন ফিজ। ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির অসাধারণ জুটিতে চেন্নাইয়ের ওপর ছড়ি ঘোরাচ্ছিল বেঙ্গালুরু। পঞ্চম ওভারে মুজ-আর্ট বোলিংয়ে এসেই চার বলে তুলে নেন দুই উইকেট। ৩৫ রান করা ডু প্লেসি ও শূন্য রানে রজত পাতিদারকে থামান মোস্তাফিজ।
ম্যাচের ১২তম ওভারে এসে আরও বিধ্বংসী ফিজ। এবার ৩ বলের ব্যবধানে ফেরান বিরাট কোহলি (২১) ও ক্যামেরন গ্রিনকে (১৮)। পূর্ণ করেন আইপিএলে নিজের ৫০ উইকেট। শেষ ওভারে আরও দুবার উইকেটের সুযোগ তৈরি করলেও কপাল মন্দ, ক্যাচগুলো পড়ে মাঠের ফাঁকা জায়গায়। আইপিএল সেরা স্পেলে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাচসেরা মোস্তাফিজ। তাতে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৩। জবাবে আট বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে ৬ উইকেটের জয় পায় মোস্তাফিজের চেন্নাই।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























