মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এরপর অরল্যান্ড সিটির বিপক্ষে বিশ্রামে ছিলেন। এক ম্যাচ পর আজ মাঠে ফেরেন মেসি। আজ বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডায় খারাপ আবহাওয়ার কারণে প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয় ইন্টার মায়ামি-ডিসি ইউনাইটেডের খেলা।
মেসির মাঠে ফেরার ম্যাচে মায়ামি গোল পাচ্ছিলো না। ৯০ মিনিট পার হয়ে যোগকরা সময়ের খেলা চলছে। তৃতীয় মিনিটে মাতিয়াস রোহাসের বদলি নামেন কাম্পানা। পরের মিনিটেই করেন গোল। সুপার সাব কাম্পানার গোলে (১-০) মায়ামি হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। নিজেদের অর্ধ থেকে ডিসি ইউনাইটেডের বক্সের কাছাকাছি বলটি বাড়ান সার্জিও বুসকেটস।
লুইস সুয়ারেজ, রোহাস নিয়মিত একাদশে থাকায় কাম্পানা এখন খেলার সুযোগ বেশি পান না। গোলের পর জার্সি খুলে উদযাপন করেন সুপার সাব কাম্পানা।
মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে খেলা চলাকালেও বৃষ্টি হয়েছে। ম্যাচের ৭১ মিনিটের সময় মেসির নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে যায়। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেননি মেসি। ম্যাচের যোগকরা সময়ে গোল পেতে পারতো ডিসি ইউনাইটেডও। তবে ডার্ক ক্যালেন্ডারের দক্ষতায় বেঁচে যায় মায়ামি।
ইনজুরি থেকে ফেরার পর আজ প্রথমবার শুরুর একাদশে ছিলেন জর্দি আলবা। মেসির মতো সুয়ারেজও ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। ম্যাচের বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও আক্রমণ বেশি করে ডিসি ইউনাইটেড।
১৫ ম্যাচে নবম জয়ে ৩১ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েই শীর্ষে আছে জেরার্দো মার্তিনোর দল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























