গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী খানের পদত্যাগের দাবিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগের সামনে গতকাল থেকে বিক্ষোভ করছেন। বিভাগের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার কারণে তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিভাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ফার্মেসি বিভাগে আর ভর্তি কার্যক্রম চালানো যাবে না। বিভাগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ল্যাব এবং অন্যান্য সুযোগ-সুবিধা আন্দোলনের মাধ্যমে আদায় করলেও চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী খান কোনো উদ্যোগ নেননি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ নেননি, যার ফলে দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিভি গ্রহণে অপারগতা প্রকাশ করেছে।
অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফার্মেসি বিভাগের একজন ম্যামের রুমে সিসি ক্যামেরা বসানো হয়েছে যেখানে অন্য শিক্ষকদের রুমে এই ধরনের কোনো নজরদারি নেই। যেখানে ক্লাসরুমের ফ্যানগুলো নষ্ট থাকলেও বিভাগীয় ফান্ড থেকে তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয় না সেখানে সিসি ক্যামেরা সবসময় চালু রাখা হয়।
শিক্ষক সংকটও একটি বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। ২০১৭ সাল থেকে মাত্র ২ জন পার্টটাইম শিক্ষক দিয়ে পুরো বিভাগের কার্যক্রম পরিচালিত হলেও, গত মাসে বিনা নোটিশে তাদের ক্লাস ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এছাড়াও, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, চূড়ান্ত পরীক্ষায় মার্ক টেম্পারিংয়ের অভিযোগ থাকলেও চেয়ারম্যান ড. আলী খান কোনো পদক্ষেপ নেননি। প্রতিটি সেমিস্টারে ১৩০০ টাকা উন্নয়ন ফি নেওয়া হলেও এর কোনো কার্যকরী উন্নয়ন দেখা যায়নি এবং ফার্মেসি অ্যাসোসিয়েশন কার্যত বিলুপ্ত হয়ে পড়েছে।
ইন্টার্নশিপ নিয়ে শিক্ষার্থীরা আরও জানান, চেয়ারম্যান বিভাগের দায়িত্বে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ম্যানেজ করতে সহায়তা করেননি। শিক্ষার্থীরা যখন নিজ উদ্যোগে ইন্টার্নশিপের ব্যবস্থা করে, তখনও অনুমতি পেতে সমস্যার সম্মুখীন হয়েছেন। যারা বিভাগীয় রেফারেন্সে ইন্টার্নশিপ করতে চেয়েছিলেন, তারাও সঠিক গাইডলাইন বা সহায়তা পাননি।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের ২১ মাস পরেও মাত্র তিন সেমিস্টার শেষ করা হয়েছে, যেখানে ৪ মাসে সেমিস্টার শেষ করার প্রতিশ্রুতি ছিল। শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী নাজিম সারোয়ার বলেন, “বিভাগের সমস্যাগুলো বারবার চেয়ারম্যান স্যারের কাছে তুলে ধরার পরেও তিনি আজ অব্দি কোনো সমাধান দিতে পারেন নি। তাই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তার সাথে দেখা করার উদ্দেশ্যে ডিপার্টমেন্টে জড়ো হয়। কিন্তু ক্লাস থাকা সত্ত্বেও তিনি আজ ডিপার্টমেন্টে আসেন নি। ফোনে যোগাযোগের বারবার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়”।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো:
– ৪ মাসে সেমিস্টার শেষ করতে হবে,
– পার্টটাইম শিক্ষকদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে,
– সঠিক রুটিন অনুসরণ করে পরীক্ষা নিতে হবে,
– এবং যোগ্য চেয়ারম্যান নিযুক্ত করতে হবে।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা ড. মোহাম্মদ আলী খানকে আর চেয়ারম্যান হিসেবে দেখতে চান না এবং তার পদত্যাগই তাদের চূড়ান্ত দাবি।

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- 

























