যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে তার মরদেহ বিজিবির হস্তান্তর করা হয়। বিজিবি জানান, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)র অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এসের নিকট গাঙ্গুলিয়া পাড়া দিয়ে সিপাহি রইস উদ্দিনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। লাশটি অ্যাম্বুলেন্সযোগে যশোর ব্যাটালিয়ন সদরে নেওয়া হবে। গত সোমবার বিজিবির সিপাহি রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। নিহত রইস উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার তারাপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। বিজিবি জানায়, সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরপরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সিপাহি মারা গেছেন।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- ১৯৪
Tag :
সর্বাধিক পঠিত


























