ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণবিরোধী পরাজিত শক্তি এত দিন জনগণের সব অধিকারকে বন্দি করে রেখেছিল। এমতাবস্থায় নতুন বছরে সব গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। ‘সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।’ এমন কামনা করে তারেক রহমান বলেন, ‘অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।’ তিনি বলেন, ‘গেল বছরটি এখন আমাদের মনে জাগরূক হয়ে থাকবে। গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদের উদ্বুদ্ধ করবে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা এবং অর্থনীতির পুনরুদ্ধারসহ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনে আমাদের তৎপর হতে হবে। গণবিরোধী পরাজিত শক্তি এত দিন জনগণের সব অধিকারকে বন্দি করে রেখেছিল। এমতাবস্থায় সব গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘নববর্ষ সবার জীবনে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন ও নির্যাতন। নতুন বছর বিশ্ব পরিমন্ডলে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য হয়ে মিশে আছে। তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ^ব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
অন্য এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বহমান সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্তপায়ে এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভীষ্ট লক্ষ্য হবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















