জার্মানির ক্লাব এফসি শালকে ০৪-এর মাঠ ভেল্টিন্স অ্যারেনার একটি শৌচাগার থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার নিয়মিত পরিদর্শনের সময় এক পরিচ্ছন্নতাকর্মী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শৌচাগারটি ঘিরে তদন্ত শুরু করে।
জানা গেছে, ওই ব্যক্তি আগের দিন স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের ধারণা—তিনি হঠাৎ শারীরিক সমস্যায় পড়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
তবে কোনো অপরাধমূলক ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, কীভাবে এত সময় ধরে কেউ তার অনুপস্থিতি খেয়াল করেনি, সেটি এখনো স্পষ্ট নয়।
মৃত ব্যক্তি গেলসেনকির্শেন এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেল্টিন্স অ্যারেনার একটি শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’
বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বিস্তারিত জানাবে। ক্লাবটি তদন্তে সব ধরনের সহায়তা করছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল নিজেদের মাঠে শেষ ম্যাচে শালকে ৪-১ গোলে প্রিউসেন মুনস্টারকে হারায়। আজ তারা শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে পাডারবর্নের মুখোমুখি হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























