বরিশালের উজিরপুরে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা (৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন।
ওসি জানান, বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন দাদি ও নাতনি। এ সময় হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























