বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া দুশ্চিন্তা কিছুটা কমিয়েছে ইন্টার মায়ামি শিবির। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও গুরুতর কোনো চোট পাননি আর্জেন্টাইন মহাতারকা—এমনটাই জানিয়েছেন মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস।
মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। তখন তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিশ্বকাপের আগে উদ্বেগ ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস জানান, বিষয়টি বড় কোনো ইনজুরি নয়।
তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত মেডিকেল রিপোর্ট হাতে পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ছিল এবং কিছুটা অবসন্ন অনুভব করছিল। সেই কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও জানিয়েছিলেন, মেসি মূলত সতর্কতার অংশ হিসেবেই বদলি হওয়ার সিদ্ধান্ত নেন।
তার পেশিতে ক্লান্তি ছিল, তবে বড় ধরনের কোনো চোট নয়।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন মেসি। আর তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ করেন হ্যাটট্রিক।
বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তাই মেসির ফিটনেস নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, মায়ামি কোচের বক্তব্যে তা অনেকটাই কমেছে।

রিপোর্টারের নাম 

























