প্রকাশিত সময় :
১২:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
১৫
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম প্রয়োগ দেখা গেল তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে। উত্তেজনা ও নাটকীয়তায় ভরা প্রথমার্ধের শেষ দিকে সেই নিয়মের আওতায় লাল কার্ড দেখেন প্যারাগুয়ের অধিনায়ক মিগেল আলমিরন। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের শুরুটা হয়েছিল প্যারাগুয়ের জন্য দারুণ স্বপ্নময়। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেয়া এক দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মাতিয়াস গালারসা। আকস্মিক গোল খেয়ে শুরুতেই চাপে পড়ে যায় তুরস্ক।
প্রথমার্ধে গোল শোধের জন্য একের পর এক আক্রমণ সাজায় তুর্কিরা। ম্যাচের বিরতির ঠিক আগে সমতায় ফেরার দারুণ সুযোগও তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু মার্ট মুলদুরের হেড প্রথমে ক্রসবারে লেগে ফিরে আসে, এরপর পোস্টে লেগে আবারও ব্যর্থ হয় তুরস্ক ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।
তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের গতি পাল্টে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কারণে। অতিরিক্ত সময় চলাকালে প্যারাগুয়ের ফরোয়ার্ড আদামো পিত্তার সঙ্গে তুরস্কের মিডফিল্ডার ইসমাইল ইউকসেকের পায়ে পা লাগার ঘটনা নিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হয়।
সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারাগুয়ের অধিনায়ক মিগেল আলমিরনকে মুখ ঢেকে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির নজরে আনেন তুরস্কের খেলোয়াড়রা। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ঘটনাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়।
চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য বা আচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেই নিয়ম প্রয়োগ করেই সরাসরি লাল কার্ড দেখানো হয় আলমিরনকে।
এ সিদ্ধান্ত দেন এল সালভাদরের রেফারি ইভান আরসিদেস বার্তন সিসনেরোস। ফলে দ্বিতীয়ার্ধে এক গোল পিছিয়ে থাকা প্যারাগুয়ে মাঠে নামে ১০ জন নিয়ে, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে।