নরসিংদীর শিবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বাজনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হাজীপুর এলাকার ওয়াসিম উদ্দিনের ছেলে নাফিজ (২২) ও হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারীর ছেলে স্বাধীন (১৯)।
দুজনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























