রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বাবুল সরকারকে (৪৫) ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ জানায়, শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিএসসি ও র্যাব-৬-এর সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোর জেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল সরকার আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী ফরিদা বেগম ও আসামিরা একই এলাকার বাসিন্দা এবং পূর্বপরিচিত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় ভুক্তভোগীর বাড়িতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আসামিরা ফরিদাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ।
এ ঘটনায় ২৫ জুলাই কাটাখালী থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-১৭) দায়ের করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : 

























