গতকাল শনিবার সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক্-মৌসুমের প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিমিওনে। আলভারেজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি পরিস্থিতি একেবারেই পরিষ্কার। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে, যা প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল গিল মারিন খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।’
আলভারেজকে নিতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালও। এ ছাড়া গত জুনে তাঁকে দলে নিতে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে আতলেতিকো সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।
আলভারেজকে নিয়ে ক্লাবের সন্তুষ্টির কথাও জানান সিমিওনে। তিনি বলেন, ‘খেলার দিক থেকে আমরা হুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে খুবই খুশি।’
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর ছুটিতে আছেন আলভারেজ। দুই দিন পর তাঁর আতলেতিকোর অনুশীলনে ফেরার কথা রয়েছে।
তবে বিশ্বকাপে খেলার সময় আলভারেজ নিজেই দলবদলের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, দলবদল সবার জন্যই ভালো হবে।’ তবে কোন ক্লাবে যেতে চান, তা তখন জানাননি তিনি।
ম্যানচেস্টার সিটি থেকে দুই বছর আগে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। এরপর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৯ গোল করেছেন তিনি।
আলভারেজকে নিয়ে ক্লাবের অবস্থান আরও স্পষ্ট করেছেন আতলেতিকোর প্রধান নির্বাহী গিল মারিন। ক্লাবের নিজস্ব গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা তাকে দলবদল করাতে চাই না। ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আমরা গ্রহণ করিনি। ১৫০ মিলিয়ন বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও আমরা তা গ্রহণ করব না।’
গিল মারিন আরও বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে হুলিয়ানের জন্য আতলেতিকোই সঠিক জায়গা এবং হুলিয়ানই আতলেতিকো মাদ্রিদের সেন্টার ফরোয়ার্ড। আমরা তাকে ধরে রাখতে চাই।’
গ্রিজমান একসময় বড় অঙ্কের অর্থের বিনিময়ে আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। পরে আবার আতলেতিকোতে ফিরে আসেন তিনি।
ফিরে আসার পর শুরুতে ক্লাবটির সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়েছিলেন গ্রিজমান। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও সমর্থকদের ভালোবাসা অর্জন করেন তিনি। গত মৌসুমে ক্লাবের কিংবদন্তি হিসেবে আতলেতিকো ছেড়ে যান এই ফরাসি তারকা।
গ্রিজমানের প্রসঙ্গ টেনে সিমিওনে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আঁতোয়ানের সঙ্গে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি, যখন তাকে চলে যেতে হয়েছিল, ফিরে আসতে হয়েছিল এবং মাঠে নিজের মান ও সামর্থ্য আবারও প্রমাণ করতে হয়েছিল।’
আলভারেজের ক্ষেত্রেও একইভাবে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে সিমিওনে বলেন, ‘খেলার দিকটিতে মনোযোগ দেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা এবং তাকে সাহায্য করা ছাড়া আমি আর কোনো পথ দেখছি না। গত কয়েক বছর আমরা যেভাবে করেছি, এবারও আলভারেজের জন্য সেটাই করব।’
গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থান অর্জন করেছিল মাদ্রিদের ক্লাবটি। চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছিল তারা।
সূত্র: আল-জাজিরা

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 





















