মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির অধিনায়কের দায়িত্ব পালন করেন তার জাতীয় দল সতীর্থ রদ্রিগো ডি পল। ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর গোলটি মেসিকে উৎসর্গ করেন তিনি।
মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই শোক জানিয়ে আসছে ইন্টার মায়ামি। ম্যাচের আগে ন্যু স্টেডিয়ামের পর্দায় হোর্হে মেসির নাম দেখানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ডও পরেছিলেন।
মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতেও দেখা যায় আবেগঘন দৃশ্য। সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন এবং তাঁর নামসংবলিত পতাকা ওড়ান। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়েরজা, লিও’—অর্থাৎ, ‘শক্ত থাকো, লিও’।
তবে মেসিবিহীন ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। দি পলের গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে তারা।
লিগস কাপে এটি ছিল মায়ামির দ্বিতীয় ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উঠবে নকআউট পর্বে। দুই ম্যাচের একটিতে হেরে মায়ামি এখন তালিকার নয় নম্বরে। লিগ পর্বে দলটির তৃতীয় ও শেষ ম্যাচ ১২ আগস্ট লিওনের বিপক্ষে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















